পাবনায় হাত-পা বেঁধে যুবককে কুপিয়ে হত্যা
পাবনার সাঁথিয়া উপজেলায় আফছার সরদার (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যরাতে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফছার সরদার ওই এলাকার কাজি সরদারের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে আফছার সরদারের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে তাকে হাত-পা বাঁধা ও শরীরে গুরুতর জখম অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি।