এপ্রিলেও বাড়ছে না জ্বালানি তেলের দাম

 


বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা থাকলেও দেশের বাজারে আপাতত কোনো পরিবর্তন আনছে না সরকার। ফলে এপ্রিল মাসেও ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।

এ বিষয়ে মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে জানানো হয়, জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান নির্ধারিত দরে মার্চ মাসের মতোই ডিজেল লিটারপ্রতি ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হবে।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার গত বছরের মার্চ মাস থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করেছে। এর ফলে প্রতি মাসেই নতুন করে দাম নির্ধারণ করা হচ্ছে। একইভাবে, আন্তর্জাতিক বাজার বিবেচনায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম প্রতি মাসে নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানির মাধ্যমে।

এছাড়া আগে জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করত বিপিসি, তবে বর্তমানে এসব জ্বালানির দামও প্রতি মাসে বিইআরসি নির্ধারণ করছে। অন্যদিকে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url