শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, এবং ৩ দিন অফলাইনে ক্লাস চলবে!
রাজধানীতে স্কুল চলাকালীন সময়ের যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অংশ নিলে এই নির্দেশনা দেওয়া হয়।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ পরিস্থিতিতে স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এবং আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রভাব শুধু বাংলাদেশেই নয়, অন্যান্য দেশেও পড়ছে। এই অনিশ্চয়তা কতদিন চলবে তা স্পষ্ট নয়। তাই শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইনের সমন্বয়ে একটি “ব্লেন্ডেড” পদ্ধতি চালুর চিন্তাভাবনা করা হচ্ছে।
এছাড়া রোজার ছুটি ও বিভিন্ন কারণে যে ক্লাসগুলো পিছিয়ে গেছে, তা পূরণ করতে সপ্তাহে ৫ দিনের পরিবর্তে ৬ দিন ক্লাস চালুর প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন। সেখানে সপ্তাহে ৬ দিন ক্লাস নেওয়ার প্রস্তাব উঠে আসে, যেখানে ৩ দিন অনলাইনে এবং ৩ দিন সরাসরি (অফলাইন) ক্লাস নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে একদিন অনলাইন এবং পরদিন অফলাইন ক্লাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।
তবে যেভাবেই ক্লাস হোক না কেন, শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতে পাঠদান করতে হবে। এ বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক নির্দেশনা জারি হতে পারে বলেও জানা গেছে।