দেশজুড়ে জ্বালানি তেলের হাহাকার
দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ কমে যাওয়ায় গতকাল সোমবার নীলফামারী, বরিশাল, নারায়ণগঞ্জ, রাজশাহী, জামালপুর, সাতক্ষীরা, শেরপুর ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, তেল পেতে পাম্পগুলোতে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন তৈরি হয়েছে। অনেক জায়গায় ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন প্রতিটি পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ করেছে এবং বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে। তা সত্ত্বেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, কৃষক ও পণ্য পরিবহনকারীরা। অনেক জেলায় সীমিত পরিমাণে তেল বিক্রি করায় দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।।
আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী বিভাগীয় শহরে জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়ায় জনজীবন বিপর্যস্ত। মহানগর ও জেলার ৪৪টি পাম্পের অধিকাংশতেই ‘তেল নেই’ ব্যানার ঝুলছে। মোটরসাইকেল চালকদের লাইসেন্স ও হেলমেট থাকা বাধ্যতামূলক করা হলেও প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না। রাজশাহী পাম্প মালিক সমিতির সভাপতি মমিনুল হক ইনকিলাবকে জানান, ডিপো থেকে চাহিদার তুলনায় অত্যন্ত কম তেল পাওয়া যাচ্ছে। এদিকে সীমান্ত দিয়ে তেল পাচার রোধে বিজিবি ১২টি পাম্পে নজরদারি ও ডিপো এলাকায় চেকপোস্ট পরিচালনা করছে। তেলের অভাবে কৃষি ও পরিবহন খাতে স্থবিরতা নেমে এসেছে।
ময়মনসিংহ ব্যুরো জানায়, ময়মনসিংহের ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য মোটরসাইকেল ও প্রাইভেটকারের লাইন কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মেসার্স সাইফুল ফিলিং স্টেশনের মালিক জানান, সাধারণ সময়ের চেয়ে তিনগুণ চাহিদা বাড়লেও সরবরাহ নেই। অনেক পাম্পে মজুদ শেষ হয়ে যাওয়ায় বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। তেলের অভাবে সড়কে যানবাহনের সংখ্যা কমে গেছে, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি আকাশচুম্বী। নির্দিষ্ট পরিমাণ (২০০-৫০০ টাকা) তেল দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও গ্রাহকদের ভিড় কমানো যাচ্ছে না।
বরিশাল ব্যুরো জানায়, বরিশালে জ্বালানি সংকট দেখা দিলেও প্রশাসনের নিবিড় মনিটরিংয়ে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। জেলার ২৯টি পাম্পে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানিয়েছেন, তেলের কোনো ঘাটতি নেই, তবে অতিরিক্ত সংগ্রহের প্রবণতায় কিছুটা প্যানিক তৈরি হয়েছে। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেচ কাজে ডিজেল সরবরাহ নিশ্চিত করা। ৪ লাখ হেক্টর জমির বোরো চাষ রক্ষায় বিভাগীয় প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছে।
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে জানান, রূপগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকটের সুযোগ নিচ্ছে অসাধু সিন্ডিকেট। পাম্পে তেল না মেলায় খোলা বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে লিটারপ্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি দামে তেল বিক্রি হচ্ছে। এতে সাধারণ চালক ও পরিবহন শ্রমিকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান জানিয়েছেন, ইতোমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অস্থিরতা কমার সম্ভাবনা নেই। তেলের অভাবে অনেক যানবাহন সড়কে নামতে না পারায় যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
স্টাফ রিপোর্টার, শেরপুর থেকে জানান, শেরপুরে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনের সংবাদ সংগ্রহে। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনের খবর সংগ্রহে সাংবাদিকরা মোটরসাইকেল নিয়ে বের হতে পারছেন না। পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও তেলের সীমাবদ্ধতার কারণে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। সাধারণ কর্মজীবী মানুষ সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হলেও সরবরাহ ঘাটতির কারণে চালকরা খালি হাতে ফিরছেন। ৯ এপ্রিল নির্বাচনের দিন গণমাধ্যমকর্মীরা ভোটকেন্দ্রে যেতে পারবেন কিনা, তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
স্টাফ রিপোর্টার চাঁদপুর থেকে জানান, চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে এক বছর করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জেলা প্রশাসনের অভিযানে নওরীন ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান এবং পদ্মা অয়েলের এজেন্ট মঞ্জুর হোসেন তালুকদারকে আটক করা হয়। দ-ের পাশাপাশি তাদের ৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জ্বালানি তেলের কালোবাজারি রোধে এই কঠোর অবস্থান বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জানান, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফেরাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ‘বিশেষ জ্বালানি কার্ড’ বা ফুয়েল কার্ড চালু করেছে। তবে এই কার্ড সংগ্রহ করতে গিয়েই গ্রাহকদের ৫ থেকে ৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গতকাল শহরের পাম্পগুলোতে সাধারণ সরবরাহ বন্ধ থাকলেও কার্ড বিতরণে ছিল উপচে পড়া ভিড়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম জানান, আগামী ৫ এপ্রিল থেকে কার্ডধারীদের মাঝে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ শুরু হবে।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরায় পেট্রোল ও অকটেনের তীব্র সংকটে পাম্পগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে চালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটছে। শহরের একটি পাম্পে গত রোবাবর রাতে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। জেলা পেট্রোলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশন জানিয়েছে, খুলনা ডিপো থেকে সরবরাহ বাড়ানো না হলে সংকট মিটবে না। অতিরিক্ত তেল মজুত ও চোরাই পথে বিক্রির কারণেও সংকট ঘনীভূত হচ্ছে।
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা জানান, সৈয়দপুরে জ্বালানি সংকটে মোটরসাইকেল চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। উপজেলার ৯টি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চালকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। পরিস্থিতি সামাল দিতে পাম্পগুলোতে ২শ টাকার বেশি তেল বিক্রি করা হচ্ছে না। পার্বতীপুর রেলওয়ে হেড অয়েল ডিপো থেকে সরবরাহ সীমিত হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। পাম্পগুলোতে তদারকির জন্য উপজেলা প্রশাসন ‘ট্যাগ অফিসার’ নিয়োগ করেছে। অনেক চাকুরিজীবী ও ব্যবসায়ী তেলের অভাবে নিয়মিত পেশাগত দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছেন। কর্মকর্তাদের সাথে গ্রাহকদের বাকবিত-া এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।
ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, ইসলামপুরে তীব্র জ্বালানি সংকটে শিক্ষক, সাংবাদিক ও কৃষকরা বিপাকে পড়েছেন। দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুললেও তেলের অভাবে শিক্ষকরা সময়মতো স্কুলে পৌঁছাতে পারছেন না। সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও পণ্য সরবরাহকারী প্রতিনিধিরা মোটরসাইকেল চালাতে না পেরে কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের মতে, তেলের অভাবে পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় কর্মসংস্থান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া সেচ কাজে ডিজেল না পাওয়ায় বোরো চাষিরা ফসলের ফলন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
আটোয়ারী (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ের আটোয়ারীতে মাহী ফিলিং স্টেশনের বিরুদ্ধে ওজনে কম দেওয়া এবং রাতের আঁধারে গোপনে তেল বিক্রির অভিযোগ উঠেছে। গত ২৭ মার্চ তেল আসার পর দিনে গ্রাহকদের মাত্র ২০০ টাকার তেল দিয়ে ‘শেষ’ ঘোষণা করা হয়। তবে গভীর রাতে বাতি নিভিয়ে বিশেষ গ্রাহকদের কাছে বেশি দামে তেল বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী জানিয়েছেন, গুরুত্ব সহকারে অভিযোগটি তদন্ত করা হচ্ছে।
চৌহালী (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের চৌহালীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি ও অবৈধ মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১০০ লিটার অবৈধ পেট্রোলও জব্দ করা হয়। বৈধ কাগজপত্র ছাড়া এবং চড়া দামে জ্বালানি তেল বিক্রি বন্ধে এই ধরণের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।